কর ফাঁকি দিয়ে আনা কাগজ আটক
কর ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের করে আনা কাগজসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর আন্দরকিল্লা থেকে বৃহস্পতিবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আল মামুন, মো. তারেক, রাশেদুল কবির, সুভাষ চৌধুরী, তারেকুর রহমান, আলমগীর, জসীম উদ্দিন, নুরুল ইসলাম, শওকত আহমেদ।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্দরকিল্লার জিএ ভবনের সামনে থেকে রাত ৩টার দিকে কভার্ডভ্যানসহ তাদের আটক করা হয়।
তবে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা নেজাম বলেন, “জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বলেছে, বিদেশ থেকে আমদানি করা প্যাকেট তৈরির কাগজগুলো তারা কর ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে আন্দরকিল্লা বিক্রি করতে এনেছিল।”
