কক্সবাজার বেড়াতে এসে অপহরণ, ১২ দিন পর উদ্ধার
নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার বেড়াতে এসে অপহৃত দুই যুবকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের সমিতি পাড়া এলাকার রংধনু নামের একটি আবাসিক কটেজ থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের বলিয়ারতলার কল্যাণদি এলাকার ইমান আলীর ছেলে ইমরান (১৮) এবং একই এলাকার শাফে উদ্দিনের ছেলে দৌলত হোসেন (১৯)।
আটকরা হচ্ছে উপকুলীয় বহুমুখি সমবায় সমিতির সভাপতি হারুনুর রশিদের ছেলে সেকান্দর আবু জাফর হিরু (৪০), কটেজ মালিকের ভাগ্নে কায়েস উদজ্জামান(২৮)।
কক্সবাজার সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, নারায়নগঞ্জ থেকে কক্সবাজারে বেড়াতে এসে গত ২৬ এপ্রিল থেকে ইমরান ও দৌলত অপহরণ হয়। এরপর তাদের পরিবারে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা।
ইমরানের ভাই কক্সবাজার এসে পুলিশকে বিষয়টি জানালে রংধনু কটেজ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
তবে তাদের উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে সদর থানার অপর এসআই কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, ইমরান ও দৌলতকে নারায়ণগঞ্জ থেকে অপহরণ করা হয়েছিল।
এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা হয়েছে বলে এসআই সাইফুল জানান।
