নাইজেরিয় অপহৃতদের পক্ষে সামাজিক মাধ্যমে সাড়া
অপহৃত নাইজেরিয় স্কুলছাত্রীদের ফেরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের গড়ে তোলা আন্দোলন বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।
এরই মধ্যে এই অনলাইন আন্দোলনে অংশ নিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সংগীত শিল্পী ক্রিস ব্রাউনের মতো অনেক ব্যক্তিত্ব।
অন্যদিকে, স্কুলছাত্রীদের উদ্ধারে সেদেশের সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগও উঠেছে এরই মধ্যে।
বাংলাদেশ সময় বুধবার ভোরে মার্কিন ফার্স্ট লেডি মিশেল টুইটে বলেন, “নিখোঁজ নাইজেরিয় মেয়েদের ও তাদের পরিবারের জন্য আমাদের প্রার্থনা।
এরপর BringBackOurGirls হ্যাসট্যাগটির সঙ্গে বাক্য মিলিয়ে মিশেল লেখেন আমাদের মেয়েদের ফিরিয়ে আনার সময় এখন।”
গত ৪ মে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন টুইট করেন, “শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকার। একটি অগ্রহণযোগ্য কারণে নির্দোষ মেয়েদের টার্গেট করা হয়েছে। আমাদের অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে।”
৬ মে প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে BringBackOurGirls হ্যাশট্যাগ ব্যবহার করে করা টুইট ১০ লাখ ছাড়িয়েছে।
এ আন্দোলনের একজন নাইজেরিয় আইনজীবী ইব্রাহিম এম আব্দুল্লাহিকে উদ্বৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, “এই হ্যাশট্যাগে ২০-৩০ জনের একটি দল কাজ করছে। যারা তাদের গ্রুপের একটি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট খুলেছে।
বিশ্ব জুড়ে সবার নজর কাড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্যোগ বলেও জানান ইব্রাহিম।
লাখ লাখ টুইটের মধ্যে কেবল হিলারির একটি টুইটই বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১২ হাজারবার রিটুইট হয়েছে। যা প্রিয়তে নিয়েছেন সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ।
তবে সবচেয়ে বেশি রিটুইট হয়েছে মার্কিন সংগীত শিল্পী ক্রিস ব্রাউনের টুইট। তিনি এ বিষয়ে তিনটি টুইট করেছেন। ওগুলো ২৭ হাজার বারের বেশি রিটুইট হয়েছে। ৯ হাজার মানুষ এগুলো প্রিয়তে নিয়েছে।
গত ২৬ এপ্রিল ‘BringBackOurGirls’ নামে একটি ফেসবুক পেইজ খোলা হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এতে লাইক পড়েছে, প্রায় ৭৮ হাজার জন।
অন্যদিকে এর সঙ্গে দুটি ‘অনলাইন পিটিশন’ খোলা হয়, যার একটিতে স্বাক্ষর করেছে দু্ই লাখের বেশি মানুষ। অপহৃত বালিকাদের উদ্ধার করে দেয়ার জন্য বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে এটি খোলা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে খোলা অপর পিটিশনটিতে ৪ হাজারের মতো স্বাক্ষর পড়েছে।
সামাজিক মাধ্যমের এই আন্দোলন শুরুর আগে স্কুলছাত্রীদের ফেরানোর আন্দোলন অনেকটা নাইজেরিয়ার বিভিন্ন শহরের রাস্তায়তেই সীমাবদ্ধ ছিল। তবে এখন তা ছড়িয়েছে বিশ্বের বড় বড় শহরেও। এ আন্দোলনের বেশিরভাগ বিক্ষোভকারী সামাজিক মাধ্যমের হ্যাশট্যাগের প্লাকার্ড নিয়ে আন্দোলন করছেন।
এর মধ্যে ‘স্যোসাল মিডিয়া মার্চ’ নামে ২০০ মিনিটের একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচিও পালন করা হয়েছে। বৃহস্পতিবার ১২টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
ফেইসবুক ইভেন্ট খুলে উদ্যোক্তারা ফেইসবুক, টুইটার, গুগলপ্লাসসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে নাইজেরিয় স্কুল ছাত্রীদের ফেরাতে সচেতনতা তৈরিতে এই ২০০ মিনিট ব্যয় করার আহ্বান জানান। সামাজিক মাধ্যমে এর প্রভাব অবশ্য তাৎণিকভাবে জানা যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে করা অনলাইন পিটিশনে স্বাক্ষর তুলনামূলক কম পড়লেও এর মধ্যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রথম দিকে সরকারের বিরুদ্ধে ঠিক মেতো পদক্ষেপ না নেয়ার অভিযোগ অনেক নাইজেরিয় করলেও এখন ওদেশের সরকার বলছে, তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছেন।
টাইম ম্যাগাজিন এ আন্দোলনের কৃতিত্ব দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট ওবে এজেকওয়েসিলিকে।
গত ২৩ এপ্রিল এক সমাবেশে তিনি বলেছিলেন, সরকারকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হবে এবং আমাদের মেয়েদের ফিরিয়ে আনতে হবে। এরপরই তা হ্যাশট্যাগে ছড়াতে থাকে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে ৪ মে পর্যন্ত ২২ ভাগ নাইজেরিয়া থেকে এবং ৪৪ ভাগ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এ টুইট করা হয়েছে। যা পরে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি স্কুল থেকে গত মাসে প্রায় ২৩০ জন ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম জঙ্গিরা।
এরপর গত রোববার একই রাজ্যেরই আরেক গ্রাম ওয়ারাবে’ থেকে রাতের আঁধারে ১২ থেকে ১৫ বছর বয়সী আরো ৮ মেয়েকে অপহরণ করে তারা।
