ঝালকাঠীতে ‘সাজানো’ অপহরণ মামলা
ঝালকাঠীর নলছিটি উপজেলায় ‘লুকিয়ে’ থেকে এক নারী তার মেয়েকে দিয়ে অপহরণের মামলা করেছে বলে দাবি করেছে পুলিশ।
নলছিটি থানার পরির্দশক (তদন্ত) মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার অনুরাগ গ্রামে নারগিস চৌধুরী নামের এক গৃহবধূকে অপহরণের অভিযোগে তার মেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। মা-মেয়ের ফোনের কথার সূত্রধরে বুধবার রাতে তাকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, “আসলে অপহরণের ঘটনাটি ছিল সাজানো ।জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে এ অপহরণের নাটক সাজিয়ে মামলা করা হয়।
“প্রতিপক্ষকে ঘায়েল করতে নারগিস চৌধুরী নিজেই গত ২৮ এপ্রিল গা ঢাকা দিয়ে মেয়েকে দিয়ে পরের দিন থানায় মামলা করান।”
নারগিসকে থানায় আনা হয়েছে তাকে এ বিষয়ে জবানবন্দি দেয়ার জন্য আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং স্থানীয় যুবদল নেতা জিয়াউল কবির মিঠুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
এ বিষয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, কাউন্সিলরের পক্ষের লোকের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তাকে থানায় আনা হয়েছে।
“তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক হয়নি।”
