২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কিলারপাড়া ক্যাম্পে শহীদদের বিজিবি ও বিএসএফ’র স্মরণ

মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সীমান্তের তুলার কিলাপাড়ায় বিএসএফের ক্যাম্পে হামলা চালিয়ে প্রশিক্ষণরত মুক্তিযোদ্ধাসহ কয়েকজনকে হত্যার দিনটিকে যৌথভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 12:35 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

১৯৭১’এর ২৫ মে পাকিস্তানি সেনারা ভারতের ভেতর দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ওই ক্যাম্পে ঢুকে হামলা চালায়।

ময়মনসিংহের হাতিপাগার সীমান্ত এলাকা পার হয়ে ভারতে কিলাপাড়ার ওই বিএসএফ ক্যাম্পেই মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিতেন। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে পাকসেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।

বুধবার দুপুরে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিলারপাড়া স্মৃতিসৌধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিএসএফের যৌথ উদ্যোগে স্মরণসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।    

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উপ মহাপরিচালক কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযোদ্ধরা এখানে প্রশিক্ষণ নিয়ে তাদের উপর আক্রমণ করতেন। এ ঘটনায় পাকসেনারা সেখানে হামলা চালায়।”

এসময় দুইজন মুক্তিযোদ্ধা এবং বিএসএফ সদস্যসহ বেশ কয়েকজন শহীদ হন।

এই ক্যাম্পে পাকসেনাদের হামলার ঘটনায় নিহতদের স্মরণে গত বছর সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

স্মৃতিচারণ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বিএসএফ’এর বিশেষ মহাপরিচালক বিডি শর্মাসহ দুইদেশের সীমান্তরক্ষীবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এছাড়াও এতে উপস্থিত হয়ে ওই ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করেন সাব সেক্টর কমান্ডার মেহমুদ, সাবেক বিজিব মহাপরিচালক ম. হামিদ, মুক্তিযোদ্ধা তপন পোদ্দারসহ দুই দেশের বিশিষ্ট ব্যাক্তিরা।

উপ মহাপরিচালক বাশার বলেন, “এই অনুষ্ঠানে সবাই আন্তরিক পরিবেশে একে অপরের প্রতি সহানুভুতি জানান এবং মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা বিনিময় করেন। পরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।”