২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকের ধাক্কায় চিকিৎসক নিহত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 11:58 AM

Updated : 22 Aug 2022, 06:14 PM

নাওজোর মহাসড়ক ফাঁড়ির এসআই মো. ইকবাল হোসেন জানান, বুধবার রাত ৯টার দিকে চান্দনা চৌরাস্তার দক্ষিণে ভাওয়াল পয়েন্ট মার্কেটের পাশে এ দুর্ঘটনার পরপরই এলাকাবাসী চালক ও তার সহকারীকে ধরে পুলিশে দিয়েছে।

নিহত মো. ওয়াজেদ আলী (৬৫) স্থানীয় ‘আমেরিকান হোমিও কমপ্লেক্সের’  চিকিৎসক ছিলেন।

আটকরা হলেন- ট্রাকচালক ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মো. হানিফ মিয়া (৪৫) এবং তার সহকারী ময়মনসিংহের গৌরীপুরের মো. সাইফুল ইসলাম (২৫)।

নিহতের ছেলে মো. মেহেদী হাসান জানিয়েছেন, বাবাসহ তারা সবাই ঢাকার  রামপুরা থাকেন। তিন মাস হচ্ছে তার বাবা ওই হোমিও কমপ্লেক্সে চাকরি  নিয়েছেন। ঢাকা থেকেই যাওয়া আসা করতেন ওয়াজেদ আলী।

সর্বশেষ রাত সাড়ে ৮টার দিকে বাবার সঙ্গে ফোনে কথা হয় বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ‘ফ্রেস সিমেন্ট’ ভর্তি ময়মনসিংহগামী একটি ট্রাক রাস্তা পর হওয়া ওই বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আটক দুজনকে ফাঁড়িতে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।