২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

পাবনার সাঁথিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষক এবং সদরে এক কোচিং সেন্টারের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 07:33 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার সাঁথিয়ার মহিষাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ (৫৫) ও সহকারী শিক্ষক মজিবর রহমানের (৫৭) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

একইদিন সদরের রহমান কোচিং সেন্টারের আব্দুর রহমানকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সাঁথিয়া থানার ওসি ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহিষাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ ও সহকারী শিক্ষক মজিবর রহমান মাঝেমধ্যেই চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন হয়রানির চেষ্টা করতেন। লজ্জায় ছাত্রীরা এতদিন কাউকে বলেনি।

বুধবার দুপুরে ওই দুই শিক্ষক কয়েকজন ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করলে ছাত্রীরা স্কুল থেকে বের হয়ে গিয়ে অভিভাবকদের জানায়।

এরপর অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্কুলে তালা লাগিয়ে শিক্ষকদের শাস্তি দাবি করেন।

পরে অভিভাবক আলম শেখ বাদী হয়ে সাঁথিয়া থানায় ওই দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে অভিভাবক আব্দুল মমিন ও রতন সরকার জানান, দীর্ঘদিন ধরে এই দুই শিক্ষক এ ধরনের কর্মকাণ্ড করে আসছেন। অনেকেই ছাত্রীদের ওই স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন।

এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হয়েছে।

তিনি ঘটনাস্থলে গিয়ে অনেকের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি তদন্তে উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরাকে প্রধান করে একটি কমটি করা হয়েছে বলেও তিনি জানান।

পাবনা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাবনা শহরের রাধানগর কলেজ গেট এলাকার রহমান কোচিং সেন্টারের স্বত্বাধিকারী আব্দুর রহমান বিকাল ৫টার দিকে এক শিক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টা চালান।

খবরটি তার এক বান্ধবী পরিবারকে জানালে এলাকাবাসী ওই শিক্ষককে পিটুনি দিয়ে পাবনা সদর থানা পুলিশে সোপর্দ করে।

আব্দুর রহমান এখন পুলিশী হেফাজতে রয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ অভিভাবকদের নিকট থেকে পাওয়া যায়নি। পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।