গাজীপুর সদরে চেয়ারম্যান পদপ্রার্থীর জরিমানা
গাজীপুর সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক চেয়ারম্যান পদপ্রার্থীসহ তিন প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার মঙ্গলবার রাতে এ সাজা দেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করেন।
জেসমিন নাহার সাংবাদিকদের জানান, গাড়িতে রঙিন পোস্টার ও দেয়ালে আঠা দিয়ে পোস্টার লাগানো এবং দুইটি মাইক ব্যবহারের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী রীনা পারভিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একাধিক মাইক ব্যবহার করার অভিযোগে মহিলা ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী হাসিনা সরকারকে এক হাজার টাকা ও গাড়িতে পোস্টার লাগানোর অভিযোগে মহিলা ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী শাহিদা আক্তার জসুদাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাচনের রিটার্নিং অফিসার শাহনওয়াজ দিলরুবা খান জানান, আগামী ১৯ মে গাজীপুর সদর উপজেলার নির্বাচন হবে। এখানে মোট ভোটার এক লাখ পাঁচ হাজার ২১৫ জন।
