২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমায় নিহত রেল প্রহরীর পরিবারকে অনুদান

দশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা অবরোধের মধ্যে গত বছরের ডিসেম্বরে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বোমা হামলায় নিহত বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা প্রহরীর পরিবারকে অনুদান দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 04:23 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার সকালে রেলমন্ত্রণালয়ের সভাকক্ষে নিহত আবুল কাশেমের মা ও স্ত্রীর হাতে অনুদানের সঞ্চয়পত্র তুলে দিয়ে রেলমন্ত্রী মজিবুল হক বলেন,”প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আবুল কাশেমের মা রুবিয়া বেগমকে তিন লাখ টাকার এবং স্ত্রী বুলবুলি আক্তারকে সাত লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হচ্ছে।”

অনুষ্ঠানে আবুল কাশেমের তিন শিশু সন্তান অহনা (৭), মাইশা (৩) ও নেওয়াজ (১) এবং বুলবুলির বড় ভাই কামরুল ইসলামসহ রেলসচিব ও রেলের মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বছরের ২৯ ডিসেম্বর বিকাল কমলাপুর রেলস্টেশনে সোয়া ৩টায় নিরাপত্তা প্রহরী আবুল কাশেম দায়িত্বপালনরত অবস্থায় জামায়াত কর্মীদের বোমা হামলায় নিহত হন।

বুলবুলি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে আমি নগদ চার লাখ টাকা সাহায্য পেয়েছি। এক লাখ টাকা দিয়েছেন রেলমন্ত্রী, এক লাখ পুলিশের মহাপরিদর্শক ও দুই লাখ টাকা দিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চল।

“আমি যেন ঠিকমতে বাচ্চাগুলোকে মানুষ করতে পারি সে ধরণের সহায়তা চাই সরকারের কাছে।”

১৯৮৪ সালে ২০ মে গোপালগঞ্জের মোকশেদপুরের উজানি গ্রামে জন্ম নেয়া আবুল কাশেম চাকরিতে যোগ দেন ২০০৪ সালের অক্টোবরের শেষে।

মৃত্যুর সময় আবুল কাশেমের চাকরির বয়স হয়েছিল ৯ বছর ২ মাস। সরকারি চাকরিতে ১০ বছরের আগে পেনশন পাওয়া যায় না। এ কারণে কাশেমের পরিবার ১০ মাসের জন্য পেনশন পাচ্ছে না।

মানবিক দিকে তাকিয়ে এই পরিবারকে বিশেষ বিবেচনা করে পেনশন দেয়া যায় কিনা জানতে চাইলে রেলসচিব আবুল কালাম আজাদ বলেন, “আমাদের এই বিষয়টি দৃষ্টিতে এসেছে। তাই মা ও স্ত্রীকে দশ লাখ টাকা সঞ্চয়পত্র দেয়া হয়েছে।”

পেনশন দিলে এই পরিবার দশ লাখ টাকা পেতেন না বলে জানান রেল সচিব।

তবে দায়িত্বরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারের উপযুক্ত সদস্যকে চাকরি দেয়ার বিধান রয়েছে বলে রেলের মহাপরিচালক তাফাজ্জাল হোসেন জানিয়েছেন।