মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর ঘরে আগুন
মৌলভীবাজারের কমলগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর ঘরে আগুন ধরিয়ে দিয়েছে এক ব্যক্তি।
কমলগঞ্জ থানার ওসি এনামুল হক জানান, বুধবার ভোরে উপজেলার পদ্মছড়া চা বাগানে এ ঘটনায় নিহত হন স্বপন মুন্ডার (৩৫) স্ত্রী স্বপ্না মুন্ডা (২৫)।
এ ঘটনার পর পুলিশ স্বপন মুন্ডাকে গ্রেপ্তার করেছে।
ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বপন ও স্বপ্না সঙ্গে কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ জেরে মঙ্গলবার ভোররাতে স্বপন স্ত্রীকে মারধর করে। মারধরের এক পর্যায়ে স্বপ্নার মৃত্যু হলে ঘটনা অন্য খাতে প্রবাহিত করতে স্বপন বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে মাটির বসতঘরসহ তিনটি ঘরের মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং স্বপন মুন্ডাকে আটক করেছে।
