ঝিনাইদহে হরতাল প্রত্যাহার
ঝিনাইদহে টানা হরতাল শুরুর সাড়ে পাঁচ ঘণ্টা পর তা প্রত্যাহার করেছে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এক শ্রমিক নেতা খুনের ঘটনায় পৌর মেয়র ও বাস মালিক সমিতির নেতাকে আসামি করে মামলা করার প্রতিবাদে বুধবার সকাল থেকে হরতাল শুরু করেছিল তারা।
পৌর মেয়র ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সাংবাদিকদের জানান, প্রসাশনের আশ্বাসে বুধবার সকাল সাড়ে ১১টায় তারা হরতাল প্রত্যাহার করেছেন।
হরতাল শুরুর পরপরই জেলা প্রশাসক মো শফিকুল ইসলাম ও পুলিশ সুপার আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সঙ্কট নিরসনে উদ্যোগ নেয়া হচ্ছে।
গত ৫ মে সোমবার ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাসকে শহরের আরাপপুরের উকিলপাড়া এলাকার রাস্তার ওপর কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জড়িত অভিযোগে মিন্টুসহ ১৮ জন শ্রমিক-মালিক নেতার বিরুদ্ধে থানায় হত্যা মামলা করে নিহতের পরিবার।
মামলার পর মঙ্গলবার বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিকদের যৌথসভা শেষে হরতালের ঘোষণা দেন মিন্টু। তাদের এই কর্মসূচিতে ঝিনাইদহ দোকান মালিক সমিতিও সমর্থন দিয়েছিল।
