খুলনায় হামলায় সাংবাদিক আহত
খুলনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ও ক্যামেরাপারসন, যারা এ হামলার জন্য যুবলীগের স্থানীয় এক নেতার সমর্থকদের দায়ী করেছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় এ হামলার সময় দুর্বৃত্তরা তাদের সঙ্গে থাকা ক্যামেরাও ভাংচুর করে।
আহত দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ক্যামেরাপারসন খায়রুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামুন রেজা বলেন, “বেলার ১২টার দিকে জিরো পয়েন্ট এলাকায় ট্রাকে অতিরিক্ত মালামাল পরিবহনের বিষয়ে তথ্য সংগ্রহ করতে যাই আমরা। সে সময় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ওই স্থানে দুই যুবলীগ নেতা নাজমুল হোসেন ও হাফিজুর রহমানের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।”
সংঘর্ষের ছবি তুলতে গেলে হাফিজুরের কর্মীরা তাদের উপর চড়াও হয় বলে জানান তিনি।
হামলার খবর পেয়ে অন্য সাংবাদিকরা জিরো পয়েন্টে জড়ো হয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন বলেন, হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা হাফিজুর রহমান বলেন, “আমার কোনো লোক সাংবাদিকদের উপর হামলা করেনি। আমি ষড়যন্ত্রের শিকার।”
হামলাকারীদে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হরিণটানা থানার ওসি মো. আখতার হোসেন।
