‘আখ ক্ষেতে নিয়ে গুলি করে মারা হয় বাবাসহ সাতজনকে’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এরশাদ আমলের প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের একাদশতম সাক্ষী মো. নওশাদ আলী,একাত্তরে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়েছিলেন যার বাবা।
সাক্ষ্যে তিনি বলেন, ১৯৭১ সালে তার বাবা শহীদ মাজত আলী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামের দারোয়ান ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে কোনো একদিন কায়সারের ইশারায় তার বাবাসহ সাতজনকে গুলি করে হত্যা করে পাকিস্তানি সেনারা।
কাছাকাছি একটি আখক্ষেতে লুকিয়ে থেকে বাবাকে হত্যার এ দৃশ্য দেখেছিলেন বলেও আদালতে বলেন সাক্ষী।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সোমবার সাক্ষ্য দেন মো. নওশাদ আলী।
File Photo
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের কোনো এক দুপুরে ভাই মোস্তফা আলীর সঙ্গে বাবাকে খাবার দিতে গিয়ে দেখতে পান, অনেক লোকজন গুদাম থেকে মাল ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর একটি জিপ এসে সেখানে থামে।
এরপর তিন-চারজন লোক জিপ থেকে নেমে গুদামের চারপাশ ভাল করে দেখে নেয়। এই লোকগুলো চলে যাওয়ার কিছুক্ষণ পরই পাকিস্তানি সেনাসহ অনেক লোক ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে খাদ্য গুদামের দিকে আসতে থাকে।
আগের জিপ গাড়িতে আসা তিন-চারজনের মধ্যে সৈয়দ কায়সার ছিলেন বলে জানান নওশাদ আলী।পরে ভাইয়ের কাছ থেকে তার পরিচয় জানতে পেরেছিলেন বলে জানান তিনি।
প্রায় ৫৪ বছর বয়সী নওশাদ আলী বলেন,“ওই লোকগুলো খাদ্য গুদামে আসার সঙ্গে সঙ্গে চারদিকের লোকজন পালিয়ে যেতে শুরু করল। তখন মো. কায়সার এবং অন্যান্য লোকজন বাবাসহ সাতজনকে গুদাম থেকে টেনে বের করে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।
“আমি শুনলাম,কায়সার ও তার সঙ্গীরা বাবাসহ ওই সাতজনকে গুদামের বাইরে যেতে বারণ করছে। পরে পাঞ্জাবি সৈন্যদের পাহারায় রেখে কায়সার ও তার সঙ্গে আসা লোকগুলো চলে যায়।”
এর কিছুদিন পর এক সকালে ভাইয়ের সঙ্গে খাদ্য গুদামে গিয়ে দেখেন, বাবাসহ অন্যদের গুদাম থেকে বের করে অন্য একটি ভবনে নিয়ে আটক রাখা হচ্ছে। পরে জানতে পারেন ওই ভবনই স্থানীয় ডাকবাংলো।
সাক্ষী বলেন,“সেদিন জোহরের নামাজের কিছুক্ষণ পর দেখি আমার বাবাসহ সাতজনকে হাঁটিয়ে খোয়াই নদীর পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। তখন আমি এবং আমার ভাই তাদের অনুসরণ করতে করতে খোয়াই নদীর পাড়ে একটি আখ ক্ষেতে গিয়ে লুকিয়ে ঘটনা দেখতে থাকি।
“তখন দেখি বাবাসহ সাতজনকে খোয়াই নদীর পাড়ে দাঁড় করানো হলো। কায়সার ইশারা করার সঙ্গে সঙ্গে পাঞ্জাবি সেনারা সাতজনকে গুলি করে হত্যা করে। পরে তাদের লাশ খোয়াই নদীতে ভাসিয়ে দেয়।”
সাক্ষ্য দেয়ার সময় সাক্ষী নওশাদ আলী আবেগপ্রবণ হয়ে পড়েন। এসময় কাঁদতে থাকেন তিনি।
সাক্ষ্যে নওশাদ আলী বলেন,তার বাবাসহ ওই সাতজন স্বাধীনতার পক্ষের লোক ছিলেন বলেই তাদের হত্যা করা হয়। এ কথা তার মায়ের কাছে শুনেছেন বলে সাক্ষ্যে উল্লেখ করেন তিনি।
সাক্ষ্য দেয়া শেষ হলে সৈয়দ কায়সারের আইনজীবী এসএম শাহজাহান তাকে জেরা করেন। জেরা শেষে আগামী ১১ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন রেখে মামলার কার্যক্র মুলতবি ঘোষণা করে ট্রাইব্যুনাল।
