২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে

পিরোজপুরের জিয়ানগর উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও এক ইউপি মেম্বারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 08:36 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

সোমবার পৃথক দুটি মামলায় আদালতে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে  জিয়ানগর উপজেলার নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার এবং জামায়াত নেতা ইউনিয়ন পরিষদ সদস্য নূর মোহাম্মাদকে কারাগারে পাঠায়।

ফায়জুল কবির তালুকদারের আইনজীবী নাসির উদ্দিন আহমেদ জানান, গত ৯ ডিসেম্বরে জিয়ানগর উপজেলা আওয়ামী লীগ অফিস ভাংচুর, লুটপাট ও জাতির জনক বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মনিরুজ্জামান বাদি হয়ে থানায় মামলা করেন।

গত ২৬ অক্টোবর ভোর ৪টায় উপজেলার বালিপাড়ায় স্বপন কুমার শীল নামে এক যুবলীগ কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে জামায়াত-শিবির কর্মীরা।

২৭ অক্টোবর তাকে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে ফায়জুল কবির তালুকদারসহ আরও ১৩৮ জন জামায়াত-বিএনপি কর্মীর নামে থানায় হত্যা মামলা হয়। এরপর ফায়জুল কবির হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নেন। সোমবার তার মেয়ার শেষে পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমিয়া খানমের আদালতে হাজির হয়ে জামিন চান।

বিচারক উভয় মামলার শুনানি শেষে জামিন না মঞ্জুর করে ওই দুইজনকে কারাগারে পাঠান।