২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় মালবাহী ট্রলি উল্টে নিহত ২

ভোলা সদর উপজেলায় বিদ্যুতের মালবাহী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে ঘটনাস্থলে দুজন নিহত ও অপর চারজন আহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 09:53 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

রোববার বিকালে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি এলাকায় ভোলা-ভেদুরিয়া সড়কে এ দুর্ঘটনায় মারা যান পাবনার ঈশ্বরদী উপজেলার সেলিম (২৫) এবং যশোরের রাশেদ (২২)।

আহতরা হলেন রাজিব(২৮), সুমন(২৬), সজিব(২২) এবং জহুরুল ইসলাম (৩৬)। হতাহতরা সবাই বিদ্যুৎ শ্রমিক।

ভোলা সদর মডেল থানার ওসি মোবাশ্বের আলী জানান, আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া ট্রলিটি উদ্ধার করে ভেলুমিয়ার পুলিশ তদন্ত কেন্দ্রে আনা হয়েছে।

দুর্ঘটনা কবলিত ট্রলির শ্রমিক জহুরুল ইসলামকে উদ্ধৃত করে ওসি জানান, ব্যাংকেরহাট এলাকা থেকে বিদ্যুৎ সঞ্চালন লাইনের মালামাল নিয়ে তারা ভেলুমিয়ার নয়ারচর এলাকার দিকে যাচ্ছিলেন।

পথে কুঞ্জপট্টি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার উপরই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

আহত চার জনকে প্রথমে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।