খড়ায় পুড়ছে ফরিদপুরের লিচু
প্রতিবছর ফরিদপুরে লিচুর আবাদ ক্রমান্বয়ে বাড়লেও এবার কৃষকদের কপালে দেখা দিয়েছে চিন্তার রেখা।
বাগানের শত শত গাছের লিচু পুড়ে ঝরে যাচ্ছে। যেগুলো রয়ে গেছে তার মধ্যে অনেকগুলোতে দেখা যাচ্ছে কালো দাগ, যা কখনোই ভালো ক্রেতা টানতে পারবে না।
সংশ্লিষ্টরা জানান, প্রচণ্ড গরম আর খড়ায় লিচুর এ অবস্থা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী ও মধুখালীতে গত কয়েকবছরে লিচুর চাষাবাদ ক্রমান্বয়ে বেড়েছে। এখানে গড়ে উঠেছে লিচুর দেড় শতাধিক বাগান, কিন্তু চলতি মৌসুমে লিচুর আবাদকারীরা লাভের মুখ দেখতে পারবে কিনা তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
সরেজমিনে বাগানে গিয়ে দেখা যায়, প্রচণ্ড খড়া আর রোদের তাপে লিচুর একাংশ প্রায় পুড়ে গেছে। বাগানগুলোতে লিচু তাপে শুকিয়ে ঝড়ে পড়ছে।
চাষিদের কাছ থেকে লিচু ক্ষেত কিনে ব্যবসায়ীরা মূলধন তুলতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কিত তারা।
মধুখালীর জাহাপুর এলাকার লিচু চাষি আরমান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাগানে কীটনাশক, সার ও ঔষধ ব্যবহার করেও লিচুর ফলনের ভালো মান ধরে রাখা যাচ্ছে না।
একই এলাকার কলেজ শিক্ষক লিচু চাষি মো. সেলিম ভূইয়া জানান, এ মৌসুমে অধিক খড়ার কারণে লিচুগুলো ঝড়ে যাচ্ছে এবং যেগুলো গাছে রয়ে গেছে তার গায়ে কালো দাগ পড়ে যাচ্ছে।
এ অবস্থা থেকে পরিত্রাণ না পেলে বড় ধরনের লোকসানের সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা করছেন তিনি।
বোয়ালমারীর কাদিরদী এলাকার চাষি আক্কাস হোসেন বলেন, অন্য ফসলের চেয়ে লিচু চাষে বেশি লাভ থাকায় তারা বেশি করে লিচুর বাগান করেন।
“বেশ কয়েকবছর ধরে লাভের মুখ দেখলেও এবারে পুঁজি তোলা নিয়ে চিন্তায় রয়েছি,” বলেন তিনি।
মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল ইসলাম বাচ্চু জানান, গত ৭/৮ বছর ধরে তাদের এলাকায় শতাধিক লিচু বাগান গড়ে উঠেছে।
চলতি মৌসুমে প্রচণ্ড তাপদাহের কারণে বাগানগুলোতে ফলন আশঙ্কাজনক হারে হ্রাস পেতে পারে।
মাগুড়া জেলার শস্যবীজ বিশেষজ্ঞ ওমর আলী লিচুর গায়ে কালো দাগ ও ঝড়ে পড়া প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচণ্ড তাপদাহ থেকে লিচুর ফলন ধরে রাখতে হলে ডায়বেন এন ৪৫ অথবা টিল্ট পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে তিন বার।
এছাড়া গাছে সকাল বিকাল পানি দিতে হবে।
ওমর আলী আরো বলেন, তাপদাহের কারণে বিভিন্ন ধরনের রোগবালাই সৃষ্টি হয়, এজন্য চাষিকে যত্নবান হতে হবে।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর ভৌমিক জানান, লিচু চাষিদের সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট ব্লক সুপারভাইজারকে বলা হয়েছে যাতে তারা চাষিদের নিয়মিত পরামশ দেন।
