আদমজী ইপিজেডে শ্রমিকের মৃত্যু, অসুস্থ অর্ধশত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে সিনহা গ্রুপের সুপ্রিম স্মার্ট নিটওয়্যার কারখানায় ডালিয়া (২০) নামের এই শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আরো অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।
তাদের শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।
কারখানায় সরবরাহকৃত পানি পান করে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে বলে শ্রমিকরা দাবি করলেও কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানায়, কারখানায় দুই হাজার ১৪ জন শ্রমিক কাজ করে। নারী অপারেটর ডালিয়া সকাল ৯টায় কারখানায় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে শহরের খানপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সকাল ১০টায় এই খবর কারখানায় ছড়িয়ে পড়লে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরও শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শিল্প পুলিশ-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আহম্মেদ জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ দেয়ার পর অসুস্থ হয়ে ডালিয়া মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে অন্য শ্রমিকরা আতংকে অসুস্থ হয়ে থাকতে পারে।
হাসপাতালের সুপার শফিউল আলম জানান, অসুস্থ শ্রমিকদের রক্তচাপ ঠিক আছে। আতংকে তারা অসুস্থ হয়ে পড়েছে।
আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) মো. মেহবুব আলী জানান, সুপ্রিমম স্মার্ট ওয়্যার কারখানার শ্রমিক ডালিয়া আগে থেকেই অসুস্থ ছিলেন। কারখানায় এসে আরও অসুস্থ হয়ে পড়লে তার মৃত্যু হয়।
এ খবর শুনে অন্য শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে।
তিনি আরো জানান, অসুস্থ শ্রমিকরা চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরে গেছে। কী কারণে তারা অসুস্থ হয়ে পড়েছিল তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনার পরপরই কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।
