ত্রিশালে জঙ্গি ছিনতাই ঘটনায় যুবক আটক
ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে আরেকজনকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, শনিবার ভোরে গাজীপুরের কোনাবাড়ি থেকে আটক খোরশেদ আলমের (৩০) বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাউদ কান্দা এলাকায়। এখন বসবাস করেন ঢাকার বাড্ডা থানার সাঁতারকুল এলাকায়।
র্যাব-১-এর অধিনায়ক মো. কিসমত হায়াত জানান, এর আগে মঙ্গলবার গভীর রাতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আট জনকে গ্রেপ্তার করেছিল র্যাব।
অধিনায়ক কিসমত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক খোরশেদের বিরুদ্ধে ত্রিশালে প্রিজনভ্যান থেকে জেএমবি সদস্য ছিনতাই ঘটনায় সহায়তার অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে ত্রিশাল থানায় পাঠানো হয়েছে।
এই ঘটনায় এর আগে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গত ১৫ মার্চ জানিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার ছানোয়ার হোসেন।
গত ২৩ ফেব্রুয়ারি সকালে তিন জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। এ সময় জঙ্গিদের গুলিতে নিহত হন এক কনস্টেবল। এছাড়া আরো দুই পুলিশ সদস্য আহত হন।
তিনজনই জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা। এরা হলেন- মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) ও রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ (৩৫) এবং যাবজ্জীবন সাজার আসামি জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫)।
অবশ্য ছিনতাইয়ের কয়েকঘণ্টার মধ্যে টাঙ্গাইলে ফের ধরা পড়েন রাকিবুল। ওই রাতেই পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। এখনও ধরা পড়েননি সালাউদ্দিন ও জাহিদুল।
একটি মামলায় হাজিরার জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনজনকে ময়মনসিংহের আদালতে নেয়ার পথে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
