২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ৬ ঘণ্টা পর যুবক উদ্ধার

জামালপুর সদরে অপহরণের সাড়ে ছয় ঘণ্টা পর এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 07:04 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টায় শহরের হাটচন্দ্রা এলাকার সাইদুল হকের ছেলে আলী আল রাজী হৃদয়কে (২৭) অপহরণ করা হয়। দুপুর পৌনে ২টায় তাকে উদ্ধার করা হয়। 

অপহরণকারীদের নির্যাতনে অসুস্থ হৃদয়কে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদয় ঢাকায় পিডিবিতে এমএলএসএস পদে কর্মরত আছেন। ছুটিতে বাড়ি গিয়ে অপহরণের শিকার হয়েছিলেন।

জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, অপহরণকারীরা হৃদয়কে শহরের সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতর হাত-পা, মুখ বেঁধে নির্যাতন করে এবং হৃদয়ের চাচা ছামিউল হক লেবুর কাছে বিকাশের মাধ্যমে প্রথমে এক লাখ এবং পরে ৫০ হাজার টাকা দাবি করে।

টাকা নিয়ে শহরের দয়াময়ী চত্বরে যেতে বলে।

ওসি আরো জানান, পুলিশ হৃদয়ের স্বজনদের সহায়তায় সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীরা পালিয়ে গেছে।

উদ্ধার হওয়ার পর হৃদয় জানান, জামালপুর শহরের কাচারীপাড়ার মামুন মাস্টারের ছেলে নবীন, শাওন, শিবু, রবীনসহ পাঁচ যুবক অপহরণে জড়িত।

জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্ততি চলছে।