মাদারীপুরে দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
মাদারীপুরে বৃহস্পতিবার রাতে মাইক্রোবাস ও নছিমনের সংঘর্ষে স্থানীয় এক সাংবাদিকদের বাবার মৃত্যু হয়েছে। আহত হন নছিমনের অন্তত চার যাত্রী।
আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
নিহতের ছেলে রাশেদ কামাল জানিয়েছেন, তার বাবা বৃহস্পতিবার রাত ১০টার দিকে নছিমনে করে খোয়াজপুর মঠেরবাজার যাচ্ছিলেন। বাবলাতলা এলাকায় শিবচরগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে জয়নাল আবেদীন গুরুতর আহত হন।
রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সদর থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে, তবে মাইক্রোবাসটি আটক করা যায়নি।
