২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে দেয়াল ধসে ঘুমন্ত ব্যক্তি নিহত

রাজধানীর সূত্রাপুরে ঝড়ের সময় নিজঘরে ঘুমন্ত অবস্থায় পাশের ভবনের দেয়াল ধসে নিহত হয়েছেন একজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 12:31 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

এঘটনায় আহত হয়েছেন ওই ব্যক্তির স্ত্রী।

সূত্রাপুর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীবাজারের বানিয়ানগরের ২৪ নম্বর ঠাকুর দাস লেনের দেয়াল ধসে মারা যান বংশালের একটি সাইকেলের দোকানের কর্মচারী মনোরঞ্জন সাহা (৪৫)।

তার স্ত্রী মিতু সাহা (৩৫) মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

মনোরঞ্জনের ভাতিজা সাগর সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতরাতে ঝড়ের সময় পাশের নির্মাণাধীন ভবনের ৮ম তলার দেয়ালের একটি অংশ তাদের একতলা ভবনের ছাদে পড়ে।

“একতলা ভবনটি পুরাতন হওয়ায় ভার সইতে না পেরে তা ভেঙ্গে ঘুমন্ত দম্পতি ওপর পড়লে তারা দুজনেই মারাত্মক আহত হন। পাশে তাদের দু’বছরের সন্তান থাকলেও সে অক্ষত আছে।”

ওই দুজনকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনোরঞ্জনকে মৃত ঘোষণা করেন।

মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিতুর শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।