মিরপুর ফ্লাইওভারে লাশ
রাজধানীর মিরপুর ফ্লাইওভারে একটি মৃতদেহ পাওয়া গেছে, খুনের পর লাশটি ফেলে যাওয়া হয় বলে পুলিশের ধারণা।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধার করে।
ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ স্বাস্থ্যবান প্রায় ৫০ বছর বয়সের এই ব্যক্তির পরনে কোনো পোশাক ছিল না।
মৃতদেহের শরীরে আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, “বেশ কয়েকটি গাড়িও তার শরীরের ওপর দিয়ে যাওয়ার চিহ্ন রয়েছে।”
মিরপুর-উত্তরা ফ্লাইওভারের যে অংশটি সেনানিবাসের ওপর দিয়ে মাটিকাটায় সড়কে গিয়ে মিশেছে, তার কিছু আগে এই লাশটি পাওয়া গেছে।
হত্যার পর চলন্ত কোনো গাড়ি থেকে এই ব্যক্তিকে ফেলে দেয়া হতে পারে বলে ওসির ধারণা।
