‘প্লিজ থামান’
নারায়ণগঞ্জে একসঙ্গে সাতজনকে অপহরণ এবং হত্যার ঘটনায় ‘প্রশ্নবিদ্ধ’ আইনশৃঙ্খলা পরিস্থিতি। সাধারণ মানুষ জনের প্রতিক্রিয়ায় উদ্বেগের পাশাপাশি প্রকাশ ঘটেছে ক্ষোভ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পেইজে এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন ‘লাইকদাতারা’।
‘আইরিন ফারভিন’ নিক থেকে বিডিনিউজের ফেইসবুক পেইজে ইংরেজিতে মন্তব্য করা হয়েছে: “প্লিজ স্টপ ইট”। সংক্ষিপ্ত এই মন্তব্যে কার উদ্দেশে আকুতি জানানো হয়েছে তার উল্লেখ নেই।
অপহরণের তিন দিন পর নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দনকুমার সরকারসহ ছয়জনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয় অপহৃত শেষ ব্যক্তির লাশ।
‘বাংলাদেশ দামাল ছেলে’ নিক থেকে লেখা হয়েছে: “এই আমাদের সোনার বাংলা? এই আমাদের জীবন?”
‘হাসান মাহমুদ’ নিক থেকে লেখা মন্তব্য: “পুলিশের কাজ লাশ বাড়ি দিয়ে আসা।”
‘মো রিদুওয়ানুল হক হৃদয়’ লিখেছেন, “এখন একটি লোক গুম হয়ে গেলে তার পরিবারও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ছে। তারা বুঝতে পারছে না তাদের কী করা উচিৎ। ঢালাওভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষারোপ করায় অপরাধীরাও পার পেয়ে যাচ্ছে সহজেই। আক্রান্ত ব্যক্তিটির অবস্থা তো আরও শোচনীয়। কেউ হয়ত দেন দরবার করে ফিরে আসছে কেউ বা হয়ে যাচ্ছে বেওয়ারিশ লাশ। আর এ দিকে দিনের পর দিন ধরে চলছে স্বজনদের প্রতীক্ষা।”
‘বিপ্লব বি বৈদ্য’ নিক থেকে প্রকাশ করা হয়েছে সংশয়: "নিহতের স্বজনদের আহাজারির দৃশ্য টিভির পর্দায় দেখার পর মনটা ভীষণ খারাপ হয়ে আছে। এখন দেখার পালা দেশের প্রশাসন কী খুনিদের সত্যি সত্যিই আটক করে বিচার করবে, নাকি আবার জজ মিয়া নাটক সাজাবে! আশা করি সরকার খুনিদের আটক করে অতি দ্রুত ফাঁসিতে ঝোলাবে।”
এই ঘটনার প্রেক্ষিতে জেলার শীর্ষ কর্মকর্তাদের অপসারণের খবরের প্রতিক্রিয়াতেও সাধারণ মানুষের সংশয় ফুটে উঠেছে।
‘বিঘাদ লতিফ’ নিক লিখেছেন, “ডিসি, এসপি, ওসি ওনাদেরকে অপসারণ করলেই কি সমাধান হয়ে যাবে?”
একই সুর ‘এইচ সিদ্দিকি’ নিকের মন্তব্যেও: "মোল্লার দোড় মসজিদ বাড়ী, এতোটুকুতেই মামলার নিষ্পত্তি।”
গত কয়েকদিন এই ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে ফেইসবুকের অসংখ্য ব্যবহারকারীর মন্তব্যের একটি সারাংশ হতে পারে 'ফারহানা ইসলাম’ নিকের মন্তব্যটি।
লিখেছেন, “গুম হত্যার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। স্বজনহারাদের অপূরণীয় ক্ষতি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের ফেইসবুক পেইজ (https://www.facebook.com/bdnews24) বাংলাদেশের গণমাধ্যমের ফ্যান পেইজগুলোর মধ্যে লাইক-দাতার সংখ্যা অনুযায়ী নিয়মিত শীর্ষে অবস্থান করে। এই পেইজের মন্তব্য উন্মুক্ত এবং দায় মন্তব্যদাতার।
