২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিসিএল এখন ডুবন্ত প্রতিষ্ঠান: টিআইবি

যথাযথ কর্মপরিকল্পনার অভাবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) একটি অকার্য‌্যকর ও অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 12:22 AM

Updated : 13 Oct 2022, 12:03 PM

বুধবার রাজধানীর ব্রাক ইন সেন্টারে টিআইবির ‘বিটিসিএল: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশকালে তিনি একথা বলেন।

বেসরকারিকরণের ফলে এ প্রতিষ্ঠানের গ্রাহক সেবার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিটিটিবিকে মুনাফাভিত্তিক প্রতিষ্ঠাণে রূপ দিতে ২০০৮ সালের ১ জুলাই পাবলিক লিমিটেড কোম্পানি করা হয়।

ইফতেখারুজ্জামান বলেন, “কোম্পানি করতে এর জন্য কোনো সুনির্দিষ্ট কৌশল ছিল না। ছয় বছর ধরে এ খাতে প্রকৌশলী প্রক্রিয়ায় দুর্নীতি চলছে। দুই নৌকায় পা দিলে যাত্রীদের যেমন ডুবন্ত অবস্থা হয়, প্রতিষ্ঠানটিও এ অবস্থায় নিমজ্জিত হয়েছে।

“বিটিসিএল অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটি এখন ডুবন্ত প্রায় প্রতিষ্ঠান।”

বিটিসিএল এরইমধ্যে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ব্যবস্থাপনাগত দুর্বলতা ও নানা অনিয়ম-দুর্নীতিতে কোম্পানিটির আয় উদ্বেগজনকভাবে কমে গেছে।

বিটিসিএল-এ রাজনৈতিক বিবেচনায় পদায়ন, জবাবদিহির অভাব, অবৈধভাবে কোম্পানির ভূমি দখল, প্রাইভেট কোম্পানিকে অবৈধ সুবিধা দেয়া, সিবিএ নেতাদের দুর্নীতি, গ্রাহকদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় ও পরিবহন খাতে দুর্নীতি হচ্ছে বলে জানান তিনি।

সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও কৌশল নিয়ে কোম্পানিটির বেসরকারিকরণ প্রক্রিয়া শেষ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান ইফতেখারুজ্জামান।

টিআইবির ট্রাস্ট্রি বোর্ডের সদস্য এম হাফিজ উদ্দিন খান বলেন, “বিটিসিএলের গ্রাহক সেবা সর্বনিম্ন পর্যায়ে, নেই বললে চলে। এটি অলাভজনক প্রতিষ্ঠান। সেবামূলক এমন প্রতিষ্ঠানকে লাভ করার জন্য কোম্পানি করা অন্যায় হয়েছে।”

সাবেক এ টেলিযোগাযোগ সচিব বলেন, “সার্বিক অনিয়মের বিষয়ে সরকারকে এখনই নজর দিতে হবে। বিটিসিএল, টেলিটক ও বিএসসিসিএল-তিন কোম্পানিকে একীভূত করতে হবে। পরিচালনা বোর্ডে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কমিয়ে স্থায়ী ভিত্তিতে বোর্ডের সদস্য নিয়োগ দিতে হবে।”

বিটিসিএল নিয়ে ধারাবাহিকভাবে গবেষণা করে আসছে টিআইবি। ২০১০ সালের মার্চে এ নিয়ে প্রথম গবেষণা পরিচালনা করে সংস্থাটি।

এরই ধারাবাহিকতায় ‘বিটিসিএল: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এবারের প্রতিবেদন প্রকাশ করলো তারা।

টিআইবির প্রোগ্রাম ম্যানেজার দীপু রায় প্রতিবেদন উপস্থাপন করেন। এসময় প্রতিষ্ঠানটির উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের, পরিচালক রফিকুল হাসান উপস্থিত ছিলেন।