সব সচিবকে দাঁড় করানোর কথা বলেনি হাই কোর্ট
আদালতের আদেশ বাস্তবায়ন না করায় সব সচিবকে দাঁড় করিয়ে রাখা হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বরাত দিয়ে প্রকাশিত আদালতের মন্তব্য সঠিক নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট বেঞ্চ।
বুধবার দুপুরের পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এ কথা জানায়।
মঙ্গলবার সর্বক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনে দেয়া নির্দেশনা বাস্তবায়ন করে এর ওপর প্রতিবেদন দিতে সময় বেঁধে দেয় হাই কোর্ট।
ওই আদেশের পর রাষ্ট্রপক্ষের এক আইনজীবী সাংবাদিকদের বলেন, “আদালত বলেছে, প্রতিবেদন দুটি দেখে মনে হচ্ছে, তারা চিঠি চালাচালি ছাড়া আর কোনো ব্যবস্থা নেয়নি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বাংলা ভাষা প্রচলনে দেয়া আদেশ বাস্তবায়নে তাদের কোনো আগ্রহ নেই। আদেশ বাস্তবায়ন না করলে আমরা প্রয়োজনে সব সচিবকে ডেকে এনে দাঁড় করিয়ে রাখবো।”
বেলা ৩টার দিকে এজলাসে এসে ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, “আমরা নাকি বলেছি, সব সচিবকে দাঁড় করিয়ে রাখবো। আসলেতো এ রকম কোনো ঘটনা ঘটেনি।”
“কিন্তু বিজ্ঞ ডেপুটি অ্যাটর্নি জেনারেল টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে বলেছেন, আমরা নাকি বলেছি, আদেশ বাস্তবায়ন না করলে আমরা প্রয়োজনে সব সচিবকে ডেকে এনে দাঁড় করিয়ে রাখবো।
“আমরা উনাকে নির্দেশনা দিচ্ছি, উনাকে সংশোধনী (রিজয়েন্ডার) দিতে হবে। সংশোধনী দিয়ে হলফনামা আকারে তা আদালতে জমা দিতে হবে। আমরা এ ধরনের কোনো কথা বলিনি। এ সব সঠিক নয়।
“রিজয়েন্ডার না দিলে আমরা উনার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। আদালতকে এভাবে প্রকাশ্যে হেয় করতে পারেন না। আদালত এ ধরনের কোনো আদেশ দিতে পারে, কোনো কথাও বলতে পারে না।”
এ সময় ওই বেঞ্চের কনিষ্ঠ বিচারক বলেন, “প্রশাসনের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব সৃষ্টি করবেন, তা হবে না।”
