২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের ১৫ কর্মচারী কারাগারে

দুই দশকেরও বেশি সময় আগে অবৈধভাবে কন্টেইনার পাচারের অভিযোগে করা দুদকের মামলায় আত্মসর্মপণের পর চট্টগ্রাম বন্দরের ১৫ কর্মচারীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 08:34 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে আত্মসর্মপণের পর তাদের কারাগারে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার আসামিরা উচ্চ আদালত থেকে নেয়া জামিনে ছিলেন।

“গত ২৭ এপ্রিল জামিনের মেয়াদ শেষ হয়। বুধবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।”

এ মামলার আসামিরা হলেন- চট্টগ্রাম বন্দরের উচ্চ বহিঃসহকারী মো. হুমায়ুন কবির, অধীর কান্তি চক্রবর্তী, মো. আতিকুর রহমান, শ্যামল কৃষ্ণ ভৌমিক, সহকারী ট্রাফিক অফিসার প্রদীপ কুমার মহাজন, সহকারী পরিবহন পরিদর্শক (এটিআই) মোস্তাফিজুর রহমান, সাবেক এটিআই মো. ছালেহ জহুর, নিরাপত্তা রক্ষী সিরাজুল হক মোল্লা, মো. আলী আজম চৌধুরী, মো. মনির আহম্মদ, মো. ছগির আহম্মদ, মো. হারুন চৌধুরী, সাবেক নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান, নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী ও নজরুল ইসলাম।

মামলার অন্য দুই আসামি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এবকো’র মালিক মো. আলম শাহ এবং জেটি সরকার বরুণ কান্তি সেন। তবে তারা আদালতে আত্মসমর্পণ করেননি।

গত ৭ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-সহকারী পরিচালক সিরাজুল হক বাদি হয়ে মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা পরস্পরের যোগসাজসে এবং ক্ষমতার অপব্যবহার করে কন্টেইনার পাচারের মাধ্যমে ৩৪ লাখ ৬২ হাজার ৩৪৪ দশমিক দুই টাকা আত্মসাৎ করেছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ৬ ফেব্রুয়ারি মেসার্স অ্যাপারেলস সোর্সেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের জন্য ১০০ বেল (৫৯ হাজার ৬০০ গজ) পলিস্টার কাপড় চট্টগ্রাম বন্দরে আনা হয়।

তার দুইদিন পর বন্দর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অভিযুক্তরা কন্টেইনারটি নির্দিষ্ট শেড থেকে অন্যত্র সরিয়ে ফেলেন এবং কাপড় পাচার করেন।