রাবিতে হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রলীগ নেতার উপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সহপাঠী ও শিক্ষকরা।
বুধবার ফোকলোর বিভাগ এবং ইতিহাস বিভগের সামনে পৃথক দুটি মানববন্ধন হয়।
এছাড়া বেলা ১১টার দিকে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার ক্যাম্পাসে মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন এবং বাম পাও মারাত্মকভাবে কেটে দেয়। আর টগরের দুই পা ও দুই হাতের রগ কেটে দেয়। বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
ছাত্রলীগের অভিযোগ, ছাত্রশিবিরের সমর্থকরা এ হামলা চালিয়েছে।
ফোকলোর বিভাগে মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক সাইফুদ্দিন চৌধুরী, অধ্যাপক শহিদুর রহমান, অধ্যাপক আবুল হাসান চৌধুরী, সুস্মিতা চক্রবতী, বিভাগের শিক্ষার্থী সিরাজ আলী, রফিকুল ইসলাম শোভন প্রমুখ।
একই দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে মিছিল করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা ইতিহাস বিভাগের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি টগর ও মাসুদের উপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান।
