২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবী চন্দনের গাড়িচালকের লাশও উদ্ধার

শীতলক্ষ্যা নদী থেকে কাউন্সিলর নজরুল ইসলামের সঙ্গে আইনজীবী চন্দন কুমার সরকারের গাড়ি চালক মো. ইব্রাহিমের লাশও পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 07:04 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

এ থেকে স্পষ্ট হল যে গত রোববার নজরুলের সঙ্গে চন্দনকেও অপহরণ করা হয়েছিল।

লাশ ভাসার খবর পাওয়ার পর বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ছয়টি লাশ উদ্ধার করা হয়।

এর মধ্যে প্রথম লাশটি ছিল নজরুলের। এরপর আরো পাঁচটি লাশ পাওয়া যায়, এর মধ্যে চারজনের পরিচয় সনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি আকতার মোর্শেদ।

উদ্ধার ছয়টি লাশের মধ্যে যে চারজনের পরিচয় পাওয়া গেছে, তাদের মধ্যে নজরুল ও ইব্রাহিম ছাড়া অন্য দুজন হলেন- মনিরুজ্জামান স্বপন ও তাজুল ইসলাম।

তাজুল শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহসভাপতি, স্বপন ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগকর্মী।

স্বজনরা এই চারজনের লাশ সনাক্ত করেন বলে জানান ওসি। নজরুলের লাশ সনাক্ত করেন তার ভাই সালাম।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের সবার হাত-পা বাঁধা ছিল। হত্যার পর ইট বেঁধে লাশগুলো নদীতে ডুবিয়ে দেয়া হয়েছিল।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য নজরুল অপহৃত হওয়ার সময় তার গাড়িতে আরো ছিলেন চালক জাহাঙ্গীর এবং যুবলীগকর্মী লিটন।

একটি মামলায় হাজিরা দিয়ে নারায়ণগঞ্জের আদালত থেকে প্রাইভেটকারে করে বেরিয়ে যাওয়ার পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে তাদের অপহরণ করা হয়।

ওই রাতে নজরুলের গাড়িটি গাজীপুরের রাজেন্দ্রপুরে শালবনের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে তাদের কোনো সন্ধান মিলছিল না। 

নারায়ণগঞ্জের প্রবীণ আইনজীবী চন্দন সরকারের (৬০)গাড়িটি নজরুলের গাড়ির পরপরই আদালতপাড়া থেকে বেরিয়েছিল।

তাই চন্দনের পরিবার ধারণা করছিল, কাউন্সিলের অপহরণের ঘটনা দেখে ফেলায় হয়তো তাদেরও ধরে নিয়ে যায় অপহরণকারীরা।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে কাউন্সিলর অপহৃত, আইনজীবী নিখোঁজ