নেত্রকোনায় পাঁচ জনের যাবজ্জীবন
হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।
এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছর করে সশ্রম কারাভোগ করতে হবে।
একই মামলায় অপর নয় আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ওই টাকা অনাদায়ে তাদের আরো তিন বছর কারাভোগ করতে হবে।
বুধবার অতিরিক্ত জেলা দায়রা জজ মো. আব্দুল হামিদ এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৮ সালের ২১ মার্চ সকালে আসামিরা দুর্গাপুরের ডালুরকান্দা গ্রামের নুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে।
ঘটনার চারদিন পর (২৫ মার্চ) নিহতের ছেলে শাহজাহান বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০০৮ সালের ২২ মে ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডিতদের মধ্যে চার আসামি ছাড়া বাকি সবাই আদালতে উপস্থিত ছিলেন।
