রেলে নিয়োগ দুর্নীতি: পলাতক কর্মকর্তার আত্মসমর্পণ
পূর্ব রেলের নিয়োগে দুর্নীতি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি পূর্ব রেলের সাবেক জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া আদালতে আত্মসমর্পণ করেছেন।
বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আতাউর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
দুদকের আইনজীবী (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির দুটি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি গোলাম কিবরিয়া আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই দুই মামলায় তিনি এতদিন পলাতক ছিলেন।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে ফুয়েল চেকার পদের মামলায় নিয়োগপ্রত্যাশী দুই আসামি আনিসুর রহমান ও আবুল কাশেম আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।
এরপর গত ৩ মার্চ ইউসুফ আলী মৃধা আদালতে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানো হয়। সর্বশেষ ৭ এপ্রিল আত্মসমর্পণ করেন সাবেক প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী।
পূর্ব রেলের সাবেক জিএম মৃধা ও গোলাম কিবরিয়ার বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগে ১৩টি মামলা রয়েছে।
এর মধ্যে ‘সহকারী কেমিস্ট’ ও ‘ফুয়েল চেকার’ পদে নিয়োগে দুর্নীতির মামলায় সাক্ষ্য নেয়া শুরু হয়েছে।
সহকারী কেমিস্ট পদের মামলায় আসামিরা হলেন- পূর্ব রেলের তৎকালীন জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী, পূর্ব রেলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা, সহকারী কেমিস্ট পদপ্রার্থী সুলতানা বেগম ও গণেশ চন্দ্র শীল।
ফুয়েল চেকার পদের মামলায় আসামিরা হলেন- পূর্ব রেলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা, সাবেক জ্যেষ্ঠ ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়া, সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী ও দুই নিয়োগ প্রত্যাশী আবুল কাশেম ও আনিসুর রহমান।
২০১২ সালের ৯ এপ্রিল মধ্যরাতে ঢাকায় বিজিবি সদরদপ্তরে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়।
ঘটনার পর গণমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক তোলপাড় শুরু হলে ওই গাড়িতে থাকা ইউসুফ আলী ও হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদারও।
বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই গাড়িতে ৭০ লাখ টাকা ছিল, যা আদায় করা হয়েছে রেলে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে।
এরপর পূর্ব রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ওই বছর ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম কোতোয়ালি থানায় ছয়টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
