মারা গেলেন তেজগাঁওয়ে দগ্ধ দোকান মালিকও
রাজধানীর তেজগাঁওয়ে হার্ডওয়্যারের দোকানে আগুনে দগ্ধ দোকান মালিকও মারা গেছেন। এ ঘটনায় এ নিয়ে ছয়জনের মৃত্যু হল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ দিন চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মাহমুদুল হাসানের (৩৭) মৃত্যু হয় বলে জানান বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভোর ৪টার দিকে মাহমুদুল হাসান মারা যান।
গত ১০ এপ্রিল বেলা পৌনে ৩টার দিকে তেজগাঁও মহিলা কলেজের পাশের একটি হার্ডওয়্যার দোকানে আগুনে ১১ জন দগ্ধ হন। মাহমুদুল হাসান ছিলেন ‘মাহফুজ সুইং অ্যান্ড ইলেকট্রনিক্সের’ নামে ওই দোকানটির মালিক।
এর আগে এ অগ্নিকাণ্ডে দগ্ধ ভ্যান চালক আব্দুল লতিফ (৭০), খুলিলুর রহমান (৩৬), শফিউল আজম (৪৫), জহিরুল ইসলাম (৬০) ও শিশু মোতালেবের (১২) মৃত্যু হয়।
উজ্জ্বল (২৫) নামে এক যুবক বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন বলে জানান পার্থ শংকর।
