‘বন্দুকযুদ্ধের’ পর ৩ ডাকাত গ্রেপ্তার
সিলেটের বিশ্বনাথে বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ অবস্থায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওসিসহ তিন পুলিশও আহত হয়েছেন।
বুধবার গভীর রাতে উপজেলার তবলপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন জানান।
তিনি বলেন , “তলবপুর গ্রামে সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতদল পিছু হটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারকৃত হলেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার তবলপুর গ্রামের দুদু মিয়া, সিলেট সদর উপজেলার পাইকরাজ (শিবের বাজার) গ্রামের আজির উদ্দিন ও কোম্পানীগঞ্জ উপজেলার সেতারবাড়ি গ্রামের নয়ন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এরা বেশ কয়েকটি ডাকাতি মামলার আসামি বলে জানান ওসি।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি এয়ারগান, চায়নিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করেছে।
ওসি রফিকুল জানান, ডাকাতদের সঙ্গে সংঘর্ষে ওসি রফিকুল, উপ-পরিদর্শক টিপু সুলতান ও কনস্টেবল আব্দুল আজিজ আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
