২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে ট্রেন-বাস সংঘর্ষ: আরো ১ জনের মৃত্যু

রাজধানীর কমলাপুর রেল স্টেশন সংলগ্ন টিটিপাড়া লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সাংবাদিকের স্ত্রীসহ চারজন মারা গেলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 10:56 AM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

কমলাপুরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে আল আমীন (২৫) মারা যান।

পেশায় রিকশাচালক আল আমীন ট্রেনের সামনে বসে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসছিলেন। ওই ট্রেনে আল আমীনের বাবা শুকুর আলী ও মা থাকলেও তারা ট্রেনের ভেতরে ছিলেন।

আল আমীনের বাবার বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বলেন, তারা গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুরে যাওয়ার জন্য ট্রেনে করে ঢাকায় আসছিলেন।

ট্রেন দুর্ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডলি ও শাজনাজ নামে দুই নারী ভর্তি রয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সায়েদাবাদ থেকে গাজীপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।

আহতদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে জনকণ্ঠের সহসম্পাদক ওবায়দুর রহমানের স্ত্রী নাজমুস সাবা নাজু (২৪) মারা যান।

নাজুর বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলায়। নাজুর সঙ্গে থাকা স্বামী ওবায়দুরও আহত হন। তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওবায়দুর সাংবাদিকদের বলেন, “রেল ক্রসিংয়ে কোনো বার ছিল না। ফলে বাসের চালক বুঝতে পারেনি যে ট্রেন আসছে। এ অবস্থায় শুধু একটি বিকট শব্দ শোনা গিয়েছিল।”

নিহত একজনের নাম সোহাগ (২৪) পেশায় দিনমজুর। তার বাড়ি চাঁদপুর জেলায়। তিনি কমলাপুর এলাকায় থাকতেন বলে কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান। নিহত আরেক যুবকের পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি রং সাইড দিয়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়।