কমলাপুরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৩
রাজধানীর কমলাপুর রেল স্টেশন সংলগ্ন টিটিপাড়া লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে এক সাংবাদিকের স্ত্রীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে কমলাপুর থানার ওসি আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, সায়েদাবাদ থেকে গাজীপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।
আহতদের মধ্যে ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে জনকণ্ঠের সহসম্পাদক ওবায়দুর রহমানের স্ত্রী নাজমুস সাবা নাজু (২৪) মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল প্রতিবেদক জানিয়েছেন।
নাজুর বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলায়।
বাসটিতে নাজুর সঙ্গে থাকা স্বামী ওবায়দুরও আহত হন। তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওবায়দুর সাংবাদিকদের বলেন, “রেল ক্রসিংয়ে কোনো বার ছিল না। ফলে বাসের চালক বুঝতে পারেনি যে ট্রেন আসছে। এ অবস্থায় শুধু একটি বিকট শব্দ শোনা গিয়েছিল।”
নিহত অন্য দুজন পুরুষ। তাদের একজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নিহত অপর জন সোহাগ (২৪) পেশায় দিনমজুর। তার বাড়ি চাঁদপুর জেলায়। তিনি কমলাপুর এলাকায় থাকতেন বলে ওসি আবদুল মজিদ জানান।
আহতদের মধ্যে সাজু (২৬), ডলি (২৫), শাহআলম (৩৮) ও ইকবাল (৩৮) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
আহত আল আমীনকে (২৫) প্রথমে ঢাকা মেডিকেলে নেয়া হলেও পরে সেখান থেকে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি রং সাইড দিয়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায় বলে জানান তিনি।
