জঙ্গি ছিনতাই: আরো ৮ জন গ্রেপ্তার
দুই মাস আগে ময়মনসিংহের ত্রিশাল থেকে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে তিন জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত সন্দেহে আরো আট জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার সাদিরা খাতুন জানান, মঙ্গলবার গভীর রাতে র্যাবের কয়েকটি টিম দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।
রাজধানীর উত্তরায় র্যাবের প্রধান কার্যালয়ে বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এই ঘটনায় এর আগে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গত ১৫ মার্চ জানিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার ছানোয়ার হোসেন।
গত ২৩ ফেব্রুয়ারি সকালের দিকে তিন জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। এ সময় জঙ্গিদের গুলিতে নিহত হন এক কনস্টেবল। এছাড়া আরো দুই পুলিশ সদস্য আহত হন।
তিনজনই জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা। এরা হলেন- মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) ও রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ (৩৫) এবং যাবজ্জীবন সাজার আসামি জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫)।
একটি মামলায় হাজিরার জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনজনকে ময়মনসিংহের আদালতে নেয়ার পথে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
অবশ্য ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যে টাঙ্গাইলে ফের ধরা পড়েন রাকিবুল। ওই রাতেই পুলিশের কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। এখনও ধরা পড়েননি সালাউদ্দিন ও জাহিদুল।
