২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপা নেতা জব্বারের যুদ্ধাপরাধের প্রতিবেদন প্রসিকিউশনে

একাত্তরে গণহত্যাসহ মানবতাবিরোধী পাঁচ ধরনের অপরাধের অভিযোগ এনে জাতীয় পার্টির সাবেক নেতা সংসদ সদস্য প্রকৌশলী আব্দুল জব্বারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 08:41 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার সদস্য ও এই মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।

আগের দিন ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেফহোমে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য তুলে ধরেন সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান।

প্রতিবেদনে গণহত্যা ছাড়াও জব্বারের বিরুদ্ধে ৩৬ জনকে হত্যা, ২০০ জনকে ধর্মান্তরিতকরণ, ৫৫৭টি বাড়িঘরে লুটপাট চালানো ও অগ্নিসংযোগ করার অভিযোগ তুলে ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক জানান, আব্দুল জব্বারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করেছেন তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন। গত বছরের ১৯ মে তদন্ত শুরু হয়ে রোববার শেষ হয়।

তিনি বলেন, “ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের শশুড় ছিলেন স্থানীয় মুসলীম লীগ নেতা। জব্বার নিজে ছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া থানা শান্তি কমিটির চেয়ারম্যান।

তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, আনুমানিক ৮০ বছর বয়সী এই প্রকৌশলী বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী।

তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, মূল ৯৯ পৃষ্ঠাসহ মোট এক হাজার ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। জব্বারের বিরুদ্ধে ৪৬ জনকে সাক্ষী করা হয়েছে, যার মধ্যে ৪০ জন বিভিন্ন ঘটনার এবং ছয় জন জব্দ তালিকার সাক্ষী রয়েছেন।

জব্বারের বিরুদ্ধে পাঁচ অভিযোগ

প্রথম অভিযোগ: ইঞ্জিনিয়ার জব্বার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরের মঠবাড়িয়ার ফুঝুড়িতে দুইজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেন। এছাড়া নাথপাড়া ও কুলুপাড়ার শতাধিক বাড়িতে লুট করেন এবং অগ্নিসংযোগ করে।

দ্বিতীয় অভিযোগ: মুক্তিযুদ্ধের সময় জব্বার ফুলঝুড়িতে একজনকে হত্যা করেন এবং ৩৬০টি বাড়িঘরে লুটপাট চালান এবং অগ্নিসংযোগ করে।

তুতীয় অভিযোগ: নলীতে ১১ জনকে হত্যা ছাড়াও ৬০টি বাড়ির মালামাল লুণ্ঠন করেন এবং অগ্নিসংযোগ করেন জব্বার।

চতুর্থ অভিযোগ: ফুলঝুড়িতে প্রায় দু’শ নিরস্ত্র হিন্দু সম্প্রদায়ের লোককে জোরপূর্বক ধর্মান্তরিত করেন জব্বার।

পঞ্চম অভিযোগ: আঙ্গুলকাটা এবং মঠবাড়ীয়া থেকে ৩৭ জনকে আটক, মালামাল লুণ্ঠন, অপহরণ, নির্যাতন, ১৫ জনকে গুরুতর জখম এবং ২২ জনকে হত্যার করেন জব্বার।

সংবাদ সম্মেলনে হান্নান খান বলেন, আরো ১২টি মামলার তদন্ত প্রতিবেদন আগামী এক মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে। এসব মামলায় ১৪ জনকে আসামি করা হয়েছে।

যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, তারা হলেন- মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড পাওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াস কাদের চৌধুরী, যশোরের মাওলানা সাখাওয়াত হোসেন, খুলনার মো. আমজাদ মিনা, রাজশাহী বাগমারার মো. লাহার আলী শাহ, পটুয়াখালীর রুস্তম সিকদার, বাগেরহাটের শেখ সিরাজুল ইসলাম ওরফে সিরাজ, কিশোরগঞ্জের সৈয়দ মো. হোসেন ওরফে হাছেন আলী ও ক্যাপ্টেন মো. নাসির, নেত্রকোণার আতাউর রহমান ননী ও জামালপুর জেলার আশরাফ হোসেন।

সংগঠন হিসেবে জামায়াতের বিরুদ্ধে তদন্ত গত ২৫ মার্চ শেষ হয়ে বলে জানান তদন্ত সংস্থার প্রধান। ২৭ মার্চ চিফ প্রসিকিউটর বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।