কালেমা দাওয়াতের ১১ ‘জঙ্গি’ আটক
জঙ্গি তৎপরতার অভিযোগে ভোলা সদর থেকে ‘কলেমা দাওয়াত’ নামের একটি সংগঠনের ১১ সদস্যকে পুলিশ আটক করেছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর রাতে পাইলট এলাকা থেকে আটকদের মধ্যে নারীও রয়েছেন। এছাড়া তাদের সঙ্গে আছে নয় জন শিশু।
আটকদের মধ্যে রয়েছেন আব্দুল বাকি (২৯), আকরাম হোসেন (৪০), মামুন হাওলাদার (৩৫), ছালাম (২৫), রাজ্জাক (৩৫), বেল্লাল (৩৮), ইয়াসমিন আক্কার (২২), নার্গিস (৩৫), আসমা (২৫), আয়শা (২৬) ও সালামা (২৫)।
এদের বাড়ি সিরাগঞ্জ, নরসিংদী, নোয়াখালী ও ভোলার চরফ্যাশনের বিভিন্ন এলাকায়।
ভোলা থানার ওসি মোবাশ্বের আলী জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ ভোলা-ইলিশা সড়কের পাইলট এলাকার একটি বাসা থেকে কলেমা দাওয়াতের এই সদস্যদের আটক করে।
ওসি বলেন, “আটকরা কয়েকদিন থেকে ভোলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কলেমার দাওয়াত দিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে জঙ্গি সংম্পৃক্তরার অভিযোগ রয়েছে।”
তবে আটকৃকতরা নিজেদের জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এদের কর্মতৎপরাতা সম্পর্কে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জঙ্গি তৎপরতার কথা অস্বীকার করে কালেমা দাওয়াতের সদস্য মো. আকরাম বলেন, “আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কলেমার দাওয়াত দেই।”
ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল মজিদ তাদের সংগঠনটির জেলা আমির বলে জানান আকরাম।
