২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুন শেষে ব্যাপকভিত্তিক ভূমি ডিজিটাইজেশন: ভূমিমন্ত্রী

আগামী জুন মাস শেষে ব্যাপকভাবে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের কাজ শুরু হচ্ছে, যা স্বল্পতর সময়ে শেষ হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 05:51 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

মঙ্গলবার রাজধানীতে ভূমি ডিজিটালাইজেশন নিয়ে এক গোলটেবিল বৈঠকে একথা জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, “আগামী জুনে পাইলট প্রকল্প শেষে তার সফলতা নিয়ে ব্যাপক আকারে কাজ শুরু করবো আমরা। স্বল্পতর সময়ে ভূমি ডিজিটাইজেশন করতেই উদ্যোগ নেয়া হবে।”

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে তিনটি উপজেলায় ‘ভুমিতে টেকসই অধিকার’ শীর্ষক ডিজিটাইজেশনের পরীক্ষামূলক প্রকল্প চলছে। এগুলো হলো- জামালপুর সদর, রাজশাহীর মোহনপুর ও বরগুণার আমতলী উপজেলা।

শামসুর রহমান বলেন, ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজ করতে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় কম সময় নেবে।

“অনেক দেশে এ কাজটি করতে ২০-২৫ বছর লেগেছে।”

এখাত থেকে অনিয়ম ও দুর্নীতি নিরসনের সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

ফার্মগেইটে ডেইলি স্টারের কার্যালয়ে ‘ল্যান্ড ডিজিটালাইজেশন: প্রসপেক্টস ফর ল্যান্ড ইকুয়ালিটি ইন বাংলাদেশ’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা হয়।

মানুষের জন্য ফাইন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সঞ্চালনায় অধ্যাপক আবুল বারকাত, সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, কেয়ার বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, প্রকল্প ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

আলোচকরা বলেন, আধুনিক পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড হলে ভূমির ওপর সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে এবং খাস জমি চিহ্নিত হবে।