ঢাবি ছাত্রীকে লাঞ্ছিত করায় শাস্তি দাবি
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রহৃত হওয়ার ঘটনায় অভিযুক্তের শাস্তিসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে ঢাবি শিক্ষার্থীরা এই দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত ১৫ এপ্রিল টিএসসি চত্বরের সামনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের প্রথম বর্ষের ছাত্র তামহীদ এশাত ঢাবির আইবএ প্রথম বর্ষের এক ছাত্রীর উপর হামলা চালান।
ঘটনার পরদিনই তামহীদের বিরুদ্ধে ছাত্রীর পরিবারের পক্ষে থেকে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। তাকে আটকের পর পুলিশ জামিন দেয়।
মানববন্ধনকারীরা অভিযোগ করেন, জামিনে বের হওয়ার পর তামহীদের পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে মামলার বাদী ও ছাত্রীর পরিবারের সদস্যদের বিভিন্ন রকম হুমকি-ধামকি দিয়ে আসছেন।
তাই এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্যই তারা মানববন্ধন কর্মসূচির পালন করছে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, তামহীদকে তার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিস্কার করা, তাকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান, হামলায় ক্ষতিগ্রস্তের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া এবং আক্রান্ত ছাত্রী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
