সিপিবি নেতা মফিজুরের দাফন সম্পন্ন
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) নোয়াখালী জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মফিজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বিকাল নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সন্ধ্যা ৬টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে তার প্রথম জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।
পরে কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সিপিবির জেলা সভাপতি মজিবুল হক মুজিব, সাধারণ সম্পাদক জাফর উল্লা বাহার।
এরপর সুবর্ণচর উপজেলার বয়ারচরের দিদার বাজার এলাকায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মফিজুর রহমানের দাফন সম্পন্ন হয়।
রোববার মধ্যরাতে উপজেলার আল-আমিন বাজার সড়কের পাশে একটি ধানক্ষেত থেকে পুলিশ মফিজুর রহমানের লাশ উদ্ধার করে।
ভূমিহীনদের জন্য চরাঞ্চলের জমি নিয়ে আন্দোলনের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তার সহকর্মীরা ধারণা করছেন।
নিহত মফিজুর রহমান হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নের ফরাজী গ্রামের প্রয়াত রহমত উল্যার ছেলে।
