২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী ছুরিকাহতের ঘটনায় রাবিতে মানববন্ধন

ছাত্রীকে ছুরিকাঘাতকারীর বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন ওই শিক্ষার্থীর সহপাঠী ও শিক্ষকরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 10:07 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

দোষী যুবককে গ্রেপ্তার ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে সোমবার তারা উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিন বরাবর স্মারকলিপিও দেন।

প্রেম প্রত্যাখান করায় রোববার হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইসমাত জাহান সিগমাকে ছুরিকাঘাত করে নগরীর তালাইমাড়ি শহীদ মিনার এলাকার যুবক মমতাজুল ইসলাম হিমু।

গুরুতর আহত অবস্থায় ইসমাত জাহান সিগমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে থেকে একটি মৌনমিছিল করেন হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন ঘুরে করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক সুভাষ চন্দ্র শীল, অধ্যাপক সাইদুজ্জামান, সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ।

ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতি বৃদ্ধি ও তাদের দ্বারা শিক্ষার্থীরা প্রায়ই নির্যাতনের শিকার হওয়ায় বক্তারা উদ্বেগ প্রকাশ করেন।

তারা বহিরাগত ওই যুবককে দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।”

নগরীর মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, ঘটনার সময় ব্যবহার করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এখনো মামলা হয়নি জানিয়ে তিনি বলেন,জড়িত যুবককে আটক করতে অভিযান চলছে।