২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের সাবেক ডিসির কারাদণ্ড স্থগিত

গাজীপুরের সাবেক জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমানকে দেয়া এক মাসের কারাদণ্ড স্থগিত করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 09:14 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

সোমবার ওই কর্মকর্তার আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন।

একই আদেশে অন্য তিন আসামির দণ্ডও স্থগিত করা হয়।

আদালতের আদেশ লঙ্ঘন করে ২০০৮ সালে গাজীপুরে ৪০টি পরিবারকে উচ্ছেদ করায় গত ২৪ এপ্রিল হাই কোর্টের বিচারপতি বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ মিজানুরসহ চারজনকে দণ্ড দেয়।

ওই আদেশে ভাওয়াল রাজ এস্টেটের কোর্ট অব ওয়ার্ডের ম্যানেজার আব্দুর রউফকে এককোটি টাকা জরিমানা করার পাশাপাশি ১৫ দিনের কারাদণ্ড দেয়। এছাড়া সহ-ব্যবস্থাপক মো. সাব্বির হোসেন ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মনিরুল ইসলামকে পাঁচ দিন করে কারাদণ্ড দেয় আদালত।

দণ্ড পাওয়া কর্মকর্তাদের পক্ষে হাই কোর্টে শুনানি করেন আইনজীবী আমিনুল হক ও নুরুল আমিন। মামলার বাদি পক্ষে ছিলেন মো. খলিলুর রহমান।

মিজানুর রহমান বর্তমানে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএসটিসি) পরিচালক (প্রশাসক) হিসাবে কর্মরত।

রায় স্থগিত হওয়ার ফলে আপিল বিভাগ থেকে কোনো রায় না আসা পর‌্যন্ত ওই কর্মকর্তা চাকরিতে থাকতে পারবেন বলে জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী।

২০০৮ সালের মার্চ মাসে দু’দফায় উচ্ছেদ হওয়া কলিমউল্লাহসহ ৯ পরিবারের আবেদনে হাই কোর্টের ওই রায় আসে।

রায়ের দিন ভুক্তভোগীদের আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাওয়াল রাজ এস্টেটের জমি দাবি করে বিবাদিরা ৯ পরিবারের মালিকানাধীন ১৫টি টিনশেড ঘর উচ্ছেদ করেছিল।

“উচ্ছেদের ওপর হাই কোর্টের একটি নিষেধাজ্ঞা ছিল। তা লঙ্ঘন করেই ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।”