‘মন্দিরের জমি’ বিজিবিকে দেয়ার উদ্যোগের প্রতিবাদ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের জমি অধিগ্রহণ করা হচ্ছে দাবি করে তার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
সোমবার সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে বৌদ্ধ ভিক্ষু ও ভক্তরা এতে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেয়া ভিক্ষু উ মহাপঞঞা জানান, রোয়াংছড়ির তারাছা মৌজার বোধিস্বত্ব রাম জাদি, রাম মহাবিজয় মন্দির ও রাম নংদগ্রী জাদির জমি বিজিবি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
এসব জমি মন্দিরের নামে নিবন্ধিত করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, মন্দির তিনটির প্রতিষ্ঠাতা উ পঞঞা থেরো জমিগুলো মন্দিরকেই দান করেছেন বলে দাবি করেন তিনি।
এই জমিই বিজিবি অধিগ্রহণ করতে চাচ্ছে বলে জানান উ মহাপঞঞা।
একে ধর্মীয় কাজে বাধা দেয়ার ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি বলেন, জমি অধিগ্রহণের এ সিদ্ধান্ত বাতিল না হলে আরো কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে স্মারকলিপি দেন তারা।
তবে জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম দাবি করেন রাম জাদির নামে ধর্মীয় প্রতিষ্ঠানের কোন ‘রেকর্ডীয়’ জমি অধিগ্রহণ করা হয়নি।
