মেয়র আরিফুল হককে এইচডিইউতে স্থানান্তর
হৃদরোগে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সোমবার হাসপাতালের সিসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়েছে।
এর আগে তাকে কেবিনে স্থানান্তর করার কথা ছিল, কিন্তু বেলা দেড়টায় ডাক্তাররা তার শারীরিক অবস্থা পরীক্ষার পর এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি এখন ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হার্টবিট স্বাভাবিক মাত্রায় রাখার জন্য চিকিৎসকরা প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন। এছাড়া দর্শনার্থীরা যাতে তার সঙ্গে দেখা করতে না পারেন সেজন্য তাকে এইচডিইউ কক্ষে স্থানান্তর করা হয়।
শুক্রবার রাত ৮টার দিকে সিলেট ডায়াবেটিক হাসপাতালের মাসিক সভা শেষে বাসায় ফেরার পথে গাড়িতে বুকে ব্যথা অনুভব করেন মেয়র আরিফুল হক চৌধুরী।
হাসপাতালে নেয়ার পর প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসকরা মেয়রের হার্ট অ্যাটাক হয়েছে জানিয়ে তাকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) রাখেন।
শনিবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। ওইদিনই কার্ডিওলজি বিভাগের প্রধান কনসালটেন্ট ডা. মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হয়।
এর আগে আরিফুল হক চৌধুরীর ধমনীতে একটি ব্লক ধরা পড়লে তাতে রিং বসানো হয়।
