২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল স্বাভাবিক

বঙ্গবন্ধু সেতুর উপর লাইনচ্যুত বগি উদ্ধারের মধ্য দিয়ে ১৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 08:06 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

পুরনো খবর:

লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে, ঘটনা তদন্তে কমিটি

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি আব্দুল হালিম জানান, সোমবার বিকাল ৪টার দিকে সেতুর উপর হেলে থাকা ৯টি বগি উদ্ধার করা হয়। পরে লাইনের ছোটখাটো কিছু ত্রুটি সারানো হয়।

সাড়ে ৪টার দিকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস সেতু অতিক্রম করে যায় বলে তিনি জানান।

এ ট্রেনটি রোববার থেকে টাঙ্গাইলে আটকা ছিল। 

টর্নেডোর আঘাতে রোববার রাত ১১টার দিকে সেতুর ৭ নম্বর পিলারের কাছে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হয়।

এরপর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় সেতুর উত্তর লেন দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও সোমবার সকাল ১০টার পর থেকে সেতুর উভয় লেন দিয়েই যান চলাচল শুরু করে।  

পশ্চিম রেলের মহাব্যবস্থাপক আবদুল আউয়াল ভূঁইয়া জানান, সোমবার ভোরে ঈশ্বরদী ও ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে রেলমন্ত্রী মুজিবুল হকের নির্দেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।  

রেলবিভাগের অতিরিক্ত মহাপরিচালক আমজাদ হোসেন ভূঁইয়াকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।