স্বামীর করা `যৌতুক মামলায়` স্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা
স্বামীর দায়ের করা পাঁচ লাখ টাকার ‘যৌতুক’ মামলায় এক গৃহবধূর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
ঢাকার মহানগর হাকিম এম এ সালাম সোমবার আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন।
ওই তরুণীর নাম মাহমুদা আক্তার ঊর্মি (২০)।
বাদীর আইনজীবী মাহবুব হাসান রানা জানান, মামলায় অভিযোগ গঠনের ধার্য দিনে ঊর্মি আদালতে হাজির না হওয়ায় এবং অভিযোগ গঠনের শুনানির জন্য তার পক্ষ থেকে কোনো পদক্ষেপ না থাকায় তার জামিন বাতিল করে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বিচারক।
গত বছরের ১ জুলাই ঢাকার এ আদালতে মামলাটি করেন ঊর্মির স্বামী শামসুর রহমান।
এতে ঊর্মিসহ তার বাবা মনির আহম্মেদ সেলিম (৪২) ও মা সফুরা খাতুনকে (৩৮) আসামি করা হয়।
বাদি শামসুর রাজধানীর শাহবাগ এলাকায় ‘পপুলার টেলিকম’ নামে একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী। এ দম্পতির গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুরে। ২০১১ সালে তাদের বিয়ে হয়।
এরপর থেকে তারা রাজধানীর ওয়ারিতে থাকতেন। বিয়ের পর থেকে ঊর্মির পড়াশোনার খরচও শামসুর চালিয়ে আসছিলেন বলে আইনজীবী মাহবুব জানান।
গতবছর মামলা দায়েরের পর ওই সময়ের বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য ওয়ারি থানার ওসিকে নির্দেশ দেন।
এর প্রেক্ষিতে ওয়ারি থানার এসআই মো. মাহফুজার রহমান ১২ অগাস্ট আদালতে প্রতিবেদন পাঠান।
এতে তিনি বলেন, ঊর্মি বা তার বাবা-মা শামসুরের কাছে কোনো যৌতুক দাবি করেননি।
তবে শামসুর গত ১০ নভেম্বর এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। ফলে এর শুনানি নিয়ে মহানগর হাকিম শাহরিয়ার বিষয়টির ওপর ‘বিচার বিভাগীয়’ তদন্তের নির্দেশ দেন।
পরে তদন্ত শেষে গত ২ ডিসেম্বর মামলাটি আমলে নিয়ে শামসুরের শ্বশুর ও শাশুড়িকে বাদ দিয়ে শুধু তার স্ত্রী ঊর্মির বিরুদ্ধে সমন পাঠানোর আদেশ দেন বিচারক।
