২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কোটি টাকার চোরাই কাঠসহ আটক ১৮

চট্টগ্রামে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় গভীর রাতে আটটি ট্রাক থেকে প্রায় তিন কোটি টাকার চোরাই কাঠসহ ১৮ জনকে আটক করেছে কোস্টগার্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 06:35 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

সোমবার দুপুরে কোস্টগার্ড পূর্ব জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ২টার দিকে এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার এম রাজিবুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাকগুলো থেকে তিন হাজার ৯৮৫ সিএফটি কাঠ জব্দ করা হয়েছে। এরমধ্যে গর্জন, সেগুন, গামারি, লালী ও কড়ই কাঠ আছে।

এ সময় ১৮ জন চোরাকারবারীকে আটক করা হয়। উদ্ধার করা কাঠের মূল্য তিন কোটি ছয় লাখ ৩৬ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কাঠ বোঝাই ট্রাকগুলো বান্দরবানের লামা থেকে ঢাকার পথে যাচ্ছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে কোস্টগার্ড।

এদিকে রোববার রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলী নদীর ব্রিজ ঘাট এলাকায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় এফভি শহিদুল-১ নামের একটি মাছ ধরার ট্রলার আটক করে কোস্টগার্ড।