২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদণ্ডে দণ্ডিত রাশেদের সম্পত্তি জব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ এম রাশেদ চৌধুরীর সম্পদ আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 02:46 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

সোমবার সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়িতে তার পৈত্রিক সম্পত্তি জব্দ করে লাল পতাকা ও সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনা আফরোজা সাংবাদিকদের জানান, রাশেদ চৌধুরীর বাবার মোট ৯ একর ২৫ শতাংশ জমির মধ্যে তার প্রাপ্ত এক একর ১৫ শতাংশ জমি জব্দ করা হয়েছে।

হোসনা আফরোজা বলেন, বঙ্গবন্ধু হত্যায় দণ্ডিত সাবেক এই সেনা কর্মকর্তার সম্পত্তি জব্দের নির্দেশ পাওয়ার পর স্থানীয় প্রশাসন প্রথমদিকে তার (রাশেদ চৌধুরী) পরিবারের সম্পদ সনাক্ত করে। এরপর সকালে তার বাড়িতে গিয়ে তার প্রাপ্ত সম্পত্তিতে লাল পতাকা ও সাইন বোর্ড টাঙিয়ে দেয়।

রাশেদ চৌধুরীর বাবা শিহাব উদ্দিন চৌধুরীর সম্পত্তির ওয়ারিশ হলেন রাশেদ চৌধুরীসহ আট ভাই ও এক বোন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা-১ এর স্মারক নম্বর ৭৮৩ ও ৭৮৪-এ দেখা গেছে, হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ী ২৪৬ মৌজার নাল জমি, বাগান, ভিটি ও পুকুরে ১৩৬ নম্বর খতিয়ানে ৯ দশমিক ২৫ একর সম্পত্তি রয়েছে রাশেদ চৌধুরী ও তার শরীকদের।

বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত পলাতক আসামিদের বিষয়ে গঠিত টাস্কফোর্সের নির্দেশে সম্পত্তির বণ্টননামার ভিত্তিতে রাশেদ চৌধুরী প্রাপ্য জমি পৃথক করে তা জব্দ ও বাজেয়াপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ চৌধুরীর সম্পতি জব্দের জন্য চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে গত ৩ এপ্রিল ঢাকা  মেট্রোপলিটন দক্ষিণ শাখা বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আখন্দ স্বাক্ষরিত একটি নির্দেশপত্র আসে।

রাশেদ চৌধুরীর চাচাতো ভাই সোয়েব আহমদ সাংবাদিকদের বলেন, যেভাবে বণ্টন করা হচ্ছে সে অনুযায়ী রাশেদ চৌধুরী এত সম্পত্তি পাবে না।

স্থানীয় বাসিন্দা মনির আহমেদ বলেন, “আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর সম্পত্তি জব্দ করায় সরকারকে ধন্যবাদ জানাই। আমরা চাই, খুনি রাশেদকে ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করা হোক।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার চূড়ান্ত বিচারে মৃত্যুদণ্ড পাওয়া ১২ আসামির মধ্যে অবসরপ্রাপ্ত কর্নেল খন্দকার আবদুর রশিদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ এম রাশেদ চৌধুরী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এস এইচ বি এম নূর চৌধুরী, রিসালদার মোসলেমউদ্দিন ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদ পলাতক রয়েছেন।