গাইবান্ধায় ট্রাকচাপায় দুজনের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক মুয়াজ্জিনসহ দুই জন নিহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তালতলা এলকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনায় এক বৃদ্ধাও আহত হয়েছেন।
নিহতরা হলেন-উপজেলার চন্ডীপুর গ্রামের তালতলা জামে মসজিদের মুয়াজ্জিন মো. মোসলেম উদ্দিন (৭০) এবং একই গ্রামের আলম মিয়া(৪৫)।
আহত একই গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী আকলিমা বেগমকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি মাসুদ বলেন, ভোরের দিকে একসঙ্গে মসজিদে যাচ্ছিলেন মুয়াজ্জিন মোসলেম ও আলম। তাদের সঙ্গে আকলিমাও ছিলেন।
পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোসলেম উদ্দিন নিহত হন। অন্য দুজনকে হাসপাতালে নেয়ার পথে আলম মিয়া মারা যান।
