২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

পারিবারিক বিরোধের জের ধরে বরগুনা সদর উপজেলায় ছেলের লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 11:34 AM

Updated : 22 Aug 2022, 06:10 PM

রোববার রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বরগুনা সদর থানার ওসি আযম খান ফারুকী জানান।

নিহত মোস্তফা খান (৫৫) ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই তার ছেলে রেজাউল ইসলাম (২৩) পলাতক আছেন।

নিহতের বড় ছেলে শহীদুল ইসলামের বরাত দিয়ে ওসি আযম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেজাউল বাড়িতে নতুন ঘর ওঠানোর জন্য মাটি ভরাট করেন। রোববার দুপুরের দিকে ওই জায়গায় সব্জি চাষের প্রস্তুতি নিচ্ছিলেন তার বাবা মোস্তফা।

এতে ক্ষুব্ধ হয়ে রেজাউল তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল পাঠানো হয়। বরিশাল নিয়ে যাওয়ার পথেই রাত ৮টার দিকে দপদপিয়া ফেরী ঘাটে মোস্তফা খান মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ছেলে শহীদুল ইসলাম বাদী হয়ে ছোট ভাই রেজাউলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।